চকরিয়া পৌরসভার নির্মাণ কাজের উদ্বোধনে মেয়র আলমগীর চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক, চকরিয়া :
চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বাজারপাড়া রাস্তা থেকে সেনাক্যাম্প এর দেয়াল পর্যন্ত প্রায় ৮৫২ ফুট নতুন আরসিসি রাস্তা এবং ৩১১ ফুট আধুনিকমানের আরসিসি ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল পহেলা জুন বাদে জুমা প্রকল্প এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী।
নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, প্যানেল মেয়র ও ৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বশিরুল আইয়ুব, ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকছুদুল হক মধু, চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোসেন হেলালী, আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, পৌরসভার ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কলিম, চকরিয়া পৌরসভা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কাজী বোরহান উদ্দিন, ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক বাদশা এবং স্থানীয় এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত করেন কাজিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা জাকের হোসেন হেলালী।
উদ্বোধনী অনুষ্ঠানে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, বর্তমানে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দে নতুন সড়ক নির্মাণ, পুরাতন সড়ক মেরামত, আধুনিকমানের ড্রেন নির্মাণ, কালর্ভাট স্থাপনসহ বিভিন্ন ধরণের উন্নয়ন কাজ চলমান আছে। ইতোমধ্যে অনেক গুলো প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। চলতিবছরের মধ্যে চলমান থাকা বেশির ভাগ উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হবে। এইজন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে জনগনের মাঝে নাগরিক সেবা নিশ্চিত করতে পৌরসভার মেয়র, কাউন্সিলর থেকে শুরু করে প্রতিটি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলশভাবে কাজ করছেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন অগ্রযাত্রার অংশহিসেবে চকরিয়া পৌরসভার প্রতিটি জনপদকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হবে। এইজন্য আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের সহযোগিতার পাশাপাশি চকরিয়া পৌরসভার তহবিলের অর্থায়নে বর্তমানে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৩০ কোটি টাকার উন্নয়ন কাজ অব্যাহত রয়েছে। চলমান এসব উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত হলে চকরিয়া পৌরসভার সকলস্তরের জনগনের মাঝে আশাকরি শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মেয়র আলমগীর চৌধুরী এলাকার সার্বিক উন্নয়নের প্রয়োজনে স্থানীয় জনসাধারণকে সকল ধরণের সহযোগিতা দানের জন্য আহবান জানান।