এখনই সিনেমা করতে চাই না ; তাসনিয়া ফারিন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসছে ঈদের কাজ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে ‘এই মন তোমারই’ শিরোনামের একটি ঈদের নাটকের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন রাকেশ বসু। এই নাটকে ফারিণ জুটি বেধেছেন কলকাতার অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে। এছাড়া মিজানুর রহমান আরিয়ানের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেরও তিনি কাজ শেষ করেছেন। ঈদের কাজের ব্যস্ততা কেমন যাচ্ছে? ফারিণ বলেন, এবার ঈদের জন্য খুব বেশি কাজ করবো না। কিছু নাটকের প্রস্তাব আছে।
গল্প-চরিত্র দেখে মনের মতো কয়েকটি নাটকে অভিনয় করবো। এর মধ্যে কাজ শুরু করেছি। এই ব্যস্ততা ঈদ পর্যন্ত চলবে। বছরের পুরোটা সময় আপনাকে নাটকের কাজ নিয়ে থাকতে হয়। সেক্ষেত্রে কাজের মান কি ঠিক রাখা সম্ভব হয়? উত্তরে অভিনেত্রী বলেন, সব নাটক সমান দর্শকপ্রিয় হচ্ছে না। একইরকম ভাবে সব নাটকের মানও ভালো হচ্ছে না। এটা স্বাভাবিক ব্যাপার। তবু আমরা বিভিন্ন কারনে সেসব নাটকে কাজ করছি। তবে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব গতানুগতিক কাজ না করতে। একটু আলাদা ধরনের কাজ আমার পছন্দ। এদিকে নাটকের বাইরে ফারিণ সম্প্রতি জুই নারিকেল তেলের একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন। এটি নির্মাণ করেছেন মোস্তফা সরওয়ার ফারুকী। খুব শিগগিরই এটি প্রচারে আসবে বলেও জানান এই অভিনেত্রী। চলতি সময়ের ব্যস্ত অভিনেত্রীদের একজন ফারিণ। এই ব্যস্ততাকে কেমন উপভোগ করছেন? উত্তরে তিনি বলেন, কাজের মধ্যে থাকতে চাই। তবে মাসের ত্রিশ দিন না। প্রতি মাসের অর্ধেক সময় নিজের জন্য রাখি। বাকি সময়টা কাজ করি। আর দর্শকের ভালোবাসার কারনেই এত দূর আসতে পেরেছি। তাই একটা দায়বদ্ধতা তো থাকেই। সামনে চলচ্চিত্রে কি পাওয়া যাবে আপনাকে? ফারিণ বলেন, সঠিক সময়ে সঠিক কাজ করাটা আমার পছন্দ। এরমধ্যে চলচ্চিত্রের বেশ কিছু প্রস্তাব এসেছে। কিন্তু এখনই সিনেমায় কাজ করতে চাই না। নিজেকে আরো প্রস্তুত করতে চাই। তারপরই চলচ্চিত্র বিষয়ে সিদ্ধান্ত নেবো।