সাদ্দাম হোসাইন : হ্নীলায় বৃষ্টি ও জোয়ারের পানিতে মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পের বসত-বাড়ি প্লাবিত হওয়া নিয়ে তুমুল হৈ চৈ সৃষ্টির পর ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ।
২৩জুলাই (শনিবার) বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ এবং এডিসি জাহিদ ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টেকনাফের হ্নীলা হোয়াব্রাং এলাকায় মুজিববর্ষের আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ২৭ পরিবারে সদস্যদের দেখতে আসেন। এসময় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়সার খসরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, মোঃ রফিকুল ইসলাম মেম্বার, সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন পারভীন কবির, তহশীলদার মিজবাহ উদ্দিন ও ইউপি সচিব শেখ ফরিদুল আলম প্রমুখ। জেলা প্রশাসক মামুনুর রশীদ উক্ত আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত লোকজনের সাথে কথা বললে ভূক্তভোগীরা জানান, ভারী বৃষ্টি হলে আমাদের আঙ্গিনা ও বাড়ির ভেতরে পানি উঠে আসে। যার কারণে আমাদের রাত-যাপন করা কঠিন হয়ে পড়েছে। কমপক্ষে ৩ফুট করে মাটি ভরাট করলে পানি আর উঠবে না বলে জানান স্থানীরা।
উল্লেখ্য, গত বুধবার রাতে ভারী বৃষ্টি আর জোয়ারে এই আশ্রয়ন প্রকল্পের ২৭টি বাড়িতে পানি ডুকে পড়ে। পরদিন এসবের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ায় তুমুল হৈ চৈ পড়ে যায়। তা নিয়ে অপ্রীতিকর ঘটনার সুত্রপাত হয়। এরই সুত্রধরে কক্সবাজার জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে ভূক্তভোগীদের সাথে কথা তা দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দিক-নির্দেশনা প্রদান করেন। ###
