বিশেষ প্রতিবেদক ::
টেকনাফে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখলের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানের জমি দখলের খবরে এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। জানাযায়, উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া ক্যাডেট মাদরাসার সত্ব দখলীয় জমি হীন স্বার্থ চরিতার্থের জন্য একটি মহল জবরদখলের ঘটনা ঘটিয়েছেন। এম.আর ২০৭/২০১৭ইং আলোকে গত ১৯ মার্চ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ স্বাক্ষরিত ৬২২নং স্মারক মুলে একটি নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনায় উল্লেখিত জমির উপর ফৌ: কা: বি: ১৪৪ ধারা প্রয়োগের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ পূর্বক সহকারী কমিশনার(ভুমি) টেকনাফ ও থানার ওসিকে শান্তিশৃংখলা বজায় রাখতে বলা হয়েছে। আদালতে নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নাইক্ষ্যংখালী এলাকার মৃত আবুল কাশেমের পুত্র ইমাম হোসেন, মৃত ছলিম উদ্দিন হায়দারের পুত্র কামাল উদ্দিন হায়দার, তছলিম উদ্দিন, আলী আকবরপাড়া এলাকার হাজ¦ী সোনালী পুত্র মৌলভী জামাল উদ্দিন, মৃত হাজী নজির আহমদের পুত্র জালাল আহমদ ও মৃত নুরুল ইসলামের পুত্র সোলতান আহমদের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রতিষ্ঠানের জমি দখল করেছেন বলে ছাত্র/ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসী জানিয়েছেন। শনিবার বিকালে পুলিশ প্রতিষ্ঠানের জমি দখলের ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুপার মৌলভী লিয়াকত আলী জানান, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কামাল গং মাদরাসার জমি দখলের মাধ্যমে প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। মাদরাসার সভাপতি হাজ¦ী রুস্তম আলী ভুলা জানান, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের উদ্দেশ্যে তারা জমি দখলের ঘটনাটি ঘটিয়েছেন। শিক্ষার স্বার্থে প্রতিষ্ঠান বাঁচাতে জবরদখলদারদের আইনী প্রক্রিয়ায় উচ্ছেদ করা হবে। টেকনাফ মডেল থানার এস.আই. আব্দুর রহিম জানান, শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করা হয়েছে ঠিক। তবে বিজ্ঞ আদালত এর আগেই উক্ত জমির উপর নিষেধাজ্ঞা প্রদান করেছেন। সেখানে কোন ধরণের স্থাপনা নির্মাণ করা যাবে না জানিয়ে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।
