টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফের হ্নীলায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ১লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় ৬জনকে পলাতক আসামী করা হলেও অনেক মাদক কারবারী কৌশলে এখনো ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে।
সুত্র জানায়,গত ২২নভেম্বর সকাল সোয়া ১০টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য হ্নীলা পূর্ব সিকদার পাড়ায় অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার শামশুল আলম প্রকাশ আতর শামশুর পুত্র সাইফুল প্রকাশ আতর সাইফুল (৩০) এবং পশ্চিম সিকদার পাড়ার আবু তাহেরের পুত্র মোঃ জোবায়ের (১৯) কে আটক করতে সক্ষম হলেও ১টি প্লাস্টিকের ব্যাগ ফেলে আরো ৬জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ও পলাতক মাদক কারবারীদের হেফাজতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশী করে ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়,আটক মাদক কারবারীদ্বয় এবং পলাতক মাদক কারবারীরা যোগসাজশে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায়ের সাথে জড়িত। তারা নিত্য নতুন অভিনব পন্থায় কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা চালান সরবরাহ করে আসছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
এদিকে স্থানীয় মাদক বিরোধী সচেতনমহলের দাবী,এই মাদক কান্ডে জড়িত অনেক রাঘব-বোয়াল এখনো কৌশলে ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। তাদের সনাক্ত করে দ্রæত আইনের আওতায় আনার জোর দাবী উঠেছে। ###
