: হবিগঞ্জের লাখাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোররাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলার মুড়িয়াউক গ্রামের তাজুল ইসলাম ফুকন (৭৫) ও একই গ্রামের জাহেদ উদ্দিন (৭৫)।
আটকের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি মো. বজলার রহমান জানান, তাজুল ইসলাম ফুকন ও জাহেদ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানার কপি এখনও হাতে পাইনি। পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মামলা সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ চলাকালে মাওলানা শফিক উদ্দিনের নেতৃত্বে উল্লিখিত ব্যক্তিরাসহ একটি সংঘবদ্ধ দল উপজেলার বিভিন্ন স্থানে লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা করে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৪ অক্টোবর মুক্তিযোদ্ধা মুড়িয়াউক গ্রামের ইলিয়াছ কামাল বাদী হয়ে আটককৃত দুইজনসহ মোট সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
ওই বছরের ৫ অক্টোবর মামলাটি আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। এরপর দফায় দফায় তদন্ত করেন ট্রাইব্যুনালের তদন্তকারী দল।
বুধবার ভোররাতে পুলিশ দুইজনকে আটক করে। বাকিরা পলাতক রয়েছেন।
