কক্সবাজার জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মুজিবুর রহমান ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন না কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে কক্সবাজার হিলডাউন সার্কিট হাউজে হঠাৎ করেই সাংবাদিক সম্মেলন ডাকেন মুজিব।
এসময় তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর নেননি। লিখিত বক্তব্য পড়েই জানান নিজের এই সিদ্ধান্তের কথা।
এসময় কক্সবাজার পৌরসভার সাবেক এই মেয়রকে অনেকটা ব্যতীত দেখা গেছে।
লিখিত বক্তব্যে মুজিব বলেন, আমি কক্সবাজার-০৩, (সদর-রামু-ঈদগাও) আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমাকে দেয়া হয়নি।
তিনি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকে কখনো দল এবং নৌকার বিরুদ্ধে নির্বাচন তো দূরের কথা কখনো কোন ইশারা ইংগিতেও কাজ করিনি। নেত্রীর সিদ্ধান্ত সবসময়ই আমার মাথার মুকুট এবং রাজনৈতিক জীবনে শিরোধার্য।
মুজিব বলেন, জাতীয় সংসদ নির্বাচন করার জন্য আমার পক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ইতোমধ্যে নিজ উদ্যোগে মনোনয়নপত্র নিয়েছেন। আমি তাদের আবেগকে সম্মান করি। কারণ জনগণ ও দলের নেতাকর্মীদের নিয়েই আমার আজীবনের রাজনীতি এবং পথচলা। কিন্তু নৌকার বিরুদ্ধে অন্য কোন মার্কা নিয়ে নির্বাচন করতে আমি রাজি না।
নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করেই মুজিব ঘরে ফিরবেন বলে ওয়াদা করেন সংবাদ সম্মেলনে।
