হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা লেদা-মোচনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়, ২০ মার্চ ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির একটি টহল দল মরহুম আবু বক্কর মেম্বারের রাস্তার মাথায় একটি পুটলা নিয়ে দাড়িয়ে থাকতে দেখে। তখন বিজিবি জওয়ানেরা দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করলে পুটলাপি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
অপরদিকে সকাল পৌনে ৯টায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্প বিওপির একটি বিশেষ টহল দল মোচনী বরাবর নাফনদী পয়েন্ট দিয়ে ইয়াবার চালান আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গমন করলে মাটি খুঁড়া অবস্থায় দেখতে পায়। ঐ স্থানে তল্লাশী করে ৩টি ইয়াবার পুটলা পাওয়া যায়। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৩০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
পৃথকভাবে উদ্ধারকৃত এসব ইয়াবা উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্র ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
উল্লেখ্য, উক্ত এলাকায় প্রধান সড়কের পূর্ব পার্শ্বের রোহিঙ্গা ক্যাম্প হওয়ার সুবাদে স্থানীয় কিছু মুখোশধারী সংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেট রোহিঙ্গাদের সাথে আতাঁত করে এখনো সর্বনাশা মাদকের অপতৎপরতা চালিয়ে আসছে। ###
