রোহিঙ্গা ইস্যুতে ৫ ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিশেষ অধিবেশন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আগামী ৫ ডিসেম্বর জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে বিশেষ অধিবেশন বসছে। রোহিঙ্গা ইস্যুতে বসা এ বিশেষ অধিবেশনে একটি প্রস্তাব গৃহীত হতে পারে।
বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের বাইরে মিয়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে এ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য মানবাধিকার পরিষদের ৪৭ সদস্যের মধ্যে এক-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন ছিল। বাংলাদেশের ওই প্রস্তাবে এক-তৃতীয়াংশের বেশি সদস্য সমর্থন দেয়ায় জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রা’দ আল হুসেইন তা অনুমোদন করেছেন।
এদিকে গত ১৬ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে রোহিঙ্গা ইস্যুতে ১৩৫-১০ ভোটে প্রস্তাব গৃহীত হওয়ার পর আগামী মাসেই তা সাধারণ পরিষদের প্লেনারিতে উঠবে।
যৌন সহিংসতাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত প্রমীলা প্যাটেন গত সপ্তাহে বলেছেন, তিনি জেনেভার বৈঠকে উপস্থিত থেকে রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর ধর্ষণসহ ভয়াবহ যৌন নির্যাতনের তথ্য তুলে ধরবেন।
ইতিমধ্যে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, মিয়ানমার সামরিক বাহিনীর পরিকল্পিত ও বাস্তবায়িত ওই যৌন সহিংসতা যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষ অধিবেশনে মানবাধিকার পরিষদে প্রস্তাব গৃহীত হলেও তা মেনে চলার ব্যাপারে আইনি বাধ্যবাধকতা নেই। অবশ্য মিয়ানমারের ওপর চাপ সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র : রয়টার্স