নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় ১২ বছর পর ডাকাতি মামলার আসামি কফিল উদ্দিন (২৮) অবশেষে গ্রেফতার হয়েছে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মালুমঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৫ কক্সবাজারের একটি আভিযানিক দল ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কফিল উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। গতকাল শনিবার বিকালে প্রেসবিজ্ঞপ্তিতে র্যাব-১৫ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত কফিল উদ্দিন চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকার আবদুর রশিদের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারি পরিচালক (ল এন্ড মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু সালাম চৌধুরী বলেন, ২০১২ সালের ৩১মে ডাকাতি মামলার আসামী হয়ে কফিল উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোজার ঈদে গোপনে বাড়ি ফিরেন কফিল উদ্দিন।
বিষয়টি গোপনে জানতে পারেন র্যাব-১৫ কক্সবাজারের একটি টিম। এরই আলোকে শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে চকরিয়ার মালুমঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এসপি আবু সালাম চৌধুরী।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব চন্দ্র সরকার বলেন, ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামী কফিলকে থানায় হস্তান্তর করেছে র্যাব-১৫ । তাকে গতকাল দুপুরে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##
