মুজিববর্ষে উৎসবে মাতবে কক্সবাজার ; ব্যাপক প্রস্তুতি গ্রহণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহ্ মুহাম্মদ রুবেল : ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাকজমকপূর্ণ আয়োজনে মুজিববর্ষের অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সুর্যোদয়ের (সকাল ৬.০৭ টা) সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের সুচনা করা হবে। সকল সরকারি,বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান অরুণোদয় স্কুল প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বেলা ১১ টায় একই সম্মেলন কক্ষে গ্রহহীনদের মাঝে গৃহ প্রদান অনুষ্ঠান এবং বেলা সাড়ে ১১ টার দিকে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হবে।

এরপর যথাক্রমে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ মোনাজাত,স্ব-স্ব প্রতিষ্ঠানে শিশু পরিবার,শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্রসহ ছিন্নমূল শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ,জেলার সকল সরকারি হাসপাতাল এবং কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন ও মিষ্টি বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে সীমিত আকারে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন ও শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার ও মিষ্টি বিতরণ করা হবে।

এদিকে সারাদিনব্যাপী জেলার গুরুত্বপূর্ণ স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত ভিডিও ক্লিপ প্রচার , সন্ধ্যা সাড়ে ৭ টায় সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে জাতীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং সবশেষে সন্ধ্যা ৮ টায় একই জায়গায় জনসমাবেশ ব্যাতিরেকে আতশবাজির আয়োজনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।
এদিকে দিবসের সকল আয়োজনে সকলকে সাদর নিমন্ত্রণ জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।