বরিশাল-১ আসনের এমপি আবুল হাসানাত লাইফ সাপোর্টে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হওয়া বরিশাল-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ লাইফ সাপোর্টে রয়েছেন। তবে তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এই এমপির চিকিৎসায় দায়িত্বপ্রাপ্তরা আজ বুধবার দুপুরে তার হার্টের চিকিৎসা শুরু করেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন হাসানাত আবদুল্লাহর ব্যক্তিগত সহকারী মো. খাইরুল বাশার।

এর আগে মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে হাসানাত আবদুল্লাহ অসুস্থ হলে রাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সেই রাতেই তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তরিত করা হয়।

আবুল হাসানাত আবদুল্লাহর বড় ছেলে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সংসদ ভবনের বাসভবনে বাবা অসুস্থ হয়ে পড়লে ৯টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে তার অক্সিজেন লেভেল ৩১-এ নেমে আসে। হাসপাতালের আইসিইউতে নেওয়ার পর তার অক্সিজেন লেভেল স্বাভাবিক হয়। তার ফুসফুসে কফ জমেছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনাও সংগ্রহ করা হয়েছিল।’

প্রসঙ্গত, গত ৭ জুন রাতে আবুল হাসানাত আবদুল্লাহর স্ত্রী সাহান আরা আবদুল্লাহ ঢাকায় বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেই রাতেই তিনি মারা যান।