নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সেন্টমার্টিনে এক জেলের পোঁপা মাছের জালে দেড়শ কেজি ওজনের বোল মাছ ধরা পড়েছে। মাছ শিকার পেশায় ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় জেলে পরিবারে উল্লাস নেমে এসেছে।
জানা যায়, ২৩ এপ্রিল (শনিবার) ভোরে টেকনাফ সেন্টমার্টিনের জেলে রশিদ আহমদ বঙ্গোপসাগরে পোঁপা মাছের জাল ফেলতে যায়। জাল টেনে তোলার সময় বিরাট একটি বোল মাছ দেখতে পেয়ে নৌকার মাঝি-মাল্লারা উল্লাসে মেতে উঠে। মাছটি ধরে ঘাটে নিয়ে এসে ওজন করে ৩মণ ৩০ কেজি অর্থাৎ দেড়শ কেজি ওজনের হয় বলে স্থানীয় জেলে আবছার নিশ্চিত করেন। মূল্যবান এবং সুস্বাদু এই মাছের প্রতি কেজির দাম ৮শ টাকা দামে ১লাখ ২০হাজার টাকা বিক্রি করা হয়েছে। ক্রেতা মোঃ ইসমাঈল সওদাগর মাছটি টেকনাফ বাজারে বিক্রির জন্য নিয়ে গেছে বলে জানা গেছে।
মাছ পাওয়া সেন্টমার্টিন ডেইল পাড়ার জেলে রশিদ জানান, এই মাছ মহান আল্লাহর দেওয়া ঈদের হাদিয়া স্বরূপ। এই মাছ বিক্রির টাকা দিয়ে আমি স্বপরিবারে আনন্দে ঈদ করতে পারবো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, এই ধরনের একটি খবর আমিও শুনেছি তবে এলাকার বাহিরে অবস্থান করায় বিস্তারিত বলতে পারছিনা। ####
