পুলিশ সুপারের নির্দেশে শুদ্ধি অভিযানে পুলিশ চকরিয়ায় জুয়ার আসর ছত্রভঙ্গ : ৩ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদ মাঠে বিট পুলিশিং সভায় স্থানীয় জনগনের অভিযোগের প্রেক্ষিতে ঘোষনা দিয়েছিলেন একমাসের মধ্যে এই অঞ্চলে জুয়াখেলা বন্ধ হবে এবং জুয়াড়িদের গ্রেফতার করা হবে। আর পুলিশ সুপারের সেই ঘোষনা বাস্তবায়নে এবার শুদ্ধি অভিযানে নেমেছেন চকরিয়া থানা পুলিশ। এরই অংশ হিসেকে শনিবার দিবাগত রাতে পুলিশ জুয়ার আসর থেকে হাতেনাতে তিন যুবককে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে আটকদের কাছ থেকে জুয়ার নগদ টাকা ও সরঞ্জাম। শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের বেতুয়া বাজার সমিল সংলগ্ন বাগান থেকে তাদের আটক করা হয়েছে।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় ভেওলা মানিকচর ইউনিয়নের বেতুয়া বাজার ব্রীজের দক্ষিনে মৃত আবছারের বাগানে প্রতিনিয়ত জুয়ার আসর বসছে। স্থানীয় যুবক কিশোরসহ উঠতি বয়সের ছেলেপুলে সেখানে অংশ নিচ্ছে। জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে সমাজের আরো অপরাধ চক্রে। শনিবার গভীর রাতে চকরিয়া থানা পুলিশের অভিযানে এই আসর থেকে তিন যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। তারা হলেন, বিএমচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড নয়াপাড়া এলাকার আব্দুল কাদের, একই এলাকার আবদুস শুক্কুর ও ৬নং ওয়ার্ড আনিছ পাড়া এলাকার সালাহ উদ্দিন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ ৮৩২ টাকা ও জুয়ার তাস।
স্থানীয় সুত্রে জানায়, বিএমচর, খুটাখালী বাজার, ডুলাহাজারা সহ উপজেলার বিভিন্ন এলাকায় শিক্ষার্থীসহ কিশোর, যুবকরা জুয়ার প্রতি দিনদিন আসক্ত হয়ে পড়ছে। তাস জুয়া ছাড়াও রয়েছে মোবাইল জুয়া ও ক্রিকেট জুয়া। অনেক সময় জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে সমাজের অন্যান্য অপরাধ কর্মকাণ্ডে এমনটাই অভিমত অভিযোগ সচেতন মহলের।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গণি। তিনি বলেন, মান্যবর পুলিশ সুপারের ঘোষনা বাস্তবায়নে এবার শুদ্ধি অভিযানে নেমেছেন থানা পুলিশ। এরই অংশ হিসেকে শনিবার দিবাগত রাতে পুলিশ জুয়ার আসর থেকে হাতেনাতে তিন যুবককে আটক করেছে। আটক যুবককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, অপরাধ মুক্ত সমাজ গড়তে জুয়া উচ্ছেদ অত্যন্ত জরুরী। তাই জুয়া ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের কিছুতেই ছাড় দেয়া হবে না। ##