নির্মাতা সাখাওয়াত মানিকের ইন্তেকাল

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

টেকনাফ টুডে ডেস্ক : লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নাট্য নির্মাতা সাখাওয়াত মানিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮ টারদিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডসের সাংগঠনিক সম্পাদক ও নির্মাতা কামরুজ্জামান সাগর।

মাত্র ৩৭ বছর বয়সে ‘মেঘে ঢাকা শহর’এর নির্মাতা না ফেরার দেশে পাড়ি জমালেন।
সাগর বলেন, দীর্ঘদিন ধরে সাখাওয়াত মানিক হেপাটাইটিস বি রোগে ভুগছিলেন। চলতি মাসের ১ তারিখে তাঁকে বিশ্রামের জন্য গ্রামের বাড়ি পাবনায় বেড়ায় পাঠানো হয়। শনিবার রাতে বেড়া উপজেলার নতুন প্যাচাকুলা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মানিক।

পরিবারের বরাত দিয়ে সাগর জানান, রবিবার বাদ জোহর পারিবারিক গোরস্থানে সাখাওয়াত মানিকের দাফন সম্পন্ন হবে।

সাখাওয়াত মানিক নিয়মিত নাটক নির্মাণ করতেন। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটক ‘মেঘে ঢাকা শহর’ ছাড়াও শতাধিক খণ্ড নাটক নির্মাণ করেছেন। মানিকের নির্মিত উল্লেখযোগ্য একক নাটকগুলো- আজ শফিকের বিয়ে, তবুও ভালোবাসি, প্রিয়জন, ব্ল্যাক কফি, কেন মিছে নক্ষত্ররা, তৃষ্ণা, অপরাহ্ণ, হাইড স্টোরি, ঠিকানা ভুল ছিল, হোম মেইড।

তরুণ এই নির্মাতার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তারকারা শোক প্রকাশ করছেন। এক বিবৃতিতে টেলিভিশন নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড মানিকের মৃত্যুতে শোক জানিয়েছে।