কোটি টাকার মাদকের চালান সহ আটক ট্রাক চালক বাঁশখালীর আব্দুল আজিজ
নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথচেকপোষ্টে নিয়মিত তল্লাশীকালীন ০১ জন আসামীসহ ৭০ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এঘটনায় ট্রাক সহ ধৃত আসামীকে জব্দ মাদক ও অন্যান্য মালামাল সহ রামু থানায় সোপর্দ করা হয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ (২৭ নভেম্বর) সকাল ৭টায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে চট্টগ্রামগামী ট্রাক থামানো হয়।
ড্রাইভার মোহাম্মদ আব্দুল আজিজ (৪০), পিতা- মৃত আব্দুস ছালাম, গ্রাম- আহমদিয়া পাড়া (পশ্চিম চাম্বল), ডাকঘর- বাংলা বাজার, থানা- বাঁশখালী, জেলা- চট্টগ্রামকে সন্দেহ করা হলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে।
পরবর্তীতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী করে ড্রাইভারের পিছনের সিটের নীচে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭০,৫০,০০০/- টাকা মূল্যের ২৩,৫০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১,০০,৫১,৫০০/- (এক কোটি একান্ন হাজার পাঁচশত) টাকা (বার্মিজ ইয়াবা ২৩,৫০০ পিস X ৩০০/-= ৭০,৫০,০০০/-, ট্রাক ০১টি- ৩০,০০,০০০/- এবং মোবাইল ০১টি- ১,৫০০/-)। ধৃত আসামী-০১ জন।
উল্লেখ্য, আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রায় সময় টেকনাফ থেকে যাওয়া বিভিন্ন যানবাহনে মাদকের চালান উদ্ধার নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
সচেতন মহলের দাবী একজন ট্রাক চালক কিংবা অন্যান্য যানবাহনের চালকের কোটি টাকার মাদকের ব্যবসা করা অনেকটা দুরূহ ব্যাপার। তাদের মতে বড় বড় ইয়াবা ব্যবসায়ীরা চালকদের লোভের ফাঁদে ফেলে মাদকের চালান পাচারে জড়িত করে থাকে। কিন্তু প্রায় সময় আইন শৃংখলা বাহিনীর অভিযানে মাদকের বাহক আটক হলেও পেছনের গডফাদাররা ধরা ছোয়ার বাইরে রয়ে যায়। তাই মাদকের পাচার দিন দিন বৃদ্ধি পেতে থাকে। এইসব ক্ষেত্রে মাদকের আসল মালিককে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবী সচেতন মহলের। অন্যথায় মাদক পাচার দিন দিন বাড়তেই থাকবে বলে তাদের অভিমত।
