টেকনাফ উপকূলে সাগরে মাছ ধরার নৌকা ডুবি, ১ জেলে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মো. শহীদ উল্লাহ, টেকনাফ : বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবির ঘটনায় আব্দুল আমিন (২০) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। আজ শনিবার ভোর ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লম্বরী মৎস্য ঘাট হতে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় নৌকা ডুবির এ ঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা অপর দুই জেলে সাঁতরে কূলে ফিরলেও আব্দুল আমিন এখনো নিখোঁজ রয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার মো. ফজল এর ছেলে।

নৌকার মাঝি উত্তর লম্বরীর মো. হাশেম এর ছেলে রুহুল আমিন ও দক্ষিণ লম্বরীর শামসুল হকের ছেলে তারেক সাঁতরে কূলে উঠে। ডুবে যাওয়া নৌকাটিও তারা উদ্ধার করেন।

নৌকার মাঝি রুহুল আমিন জানান, তারা মাছ ধরার উদ্দেশ্যে সাগরে বের হচ্ছিলেন, কিছুদুর যাওয়ার পর একটা বড় ঢেউয়ের কবলে পড়ে হঠাৎ নৌকাটা ডুবে যায়। এসময় কেউ কারো খোঁজ নিতে পারেননি। প্রান বাঁচাতে সাঁতরে কূলে উঠেন। পড়ে অপর জেলে তারেক ও সাঁতরে কূলে উঠলেও আব্দুল আমিন এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ আব্দুল আমিন সাঁতার জানতনা বলে জানায় সে।
Nowka sea beach tt pic TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সাগর তীর ও আশেপাশের এলাকায় নিখোঁজ জেলের সন্ধান চালাচ্ছে তার স্বজন ও স্থানীয় জেলেরা।

এদিকে ঘাটের অন্য জেলেরা বলছেন, নৌকা ডুবির ঘটনায় বেঁচে যাওয়া দুই জেলে কূলে ফিরে আব্দুল আমিনের নিখোঁজের কথা কাউকে জানায়নি। জানালে হয়তো তারা সাথে সাথে উদ্ধার করার চেষ্টা চালাতেন।

নিখোঁজ জেলের পিতা জানান, তার ছেলে অন্য জেলেদের সাথে নিয়মিত মাছ শিকারে যেত। কিন্তু আজ দূর্ঘটনার কবলে পড়ে গেল।