নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে পাচারের জন্য মওজুদ করা ৫জন ভিকটিমকে উদ্ধার করেছে। এই ঘটনায় মানব পাচারকারী চক্রের ৪জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সুত্র জানায়,৬আগষ্ঠ সকাল সাড়ে ৯টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে ২৬নং শালবাগান ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএনের একটি আভিযানিক দল পাচারের জন্য মওজুদ করা ব্লক-ডি/১ এর বাসিন্দা সৈয়দ কাশিমের পুত্র ওসিউর রহমানের ঘরে বিশেষ অভিযান চালিয়ে উখিয়া ভিকটিম ৮নং ক্যাম্পের ব্লক-বি/৪৫ এর বাসিন্দা সামসুল আলমের মেয়ে উম্মে ছলিমা (১৪), ক্যাম্প ১৯ এর নুর সালামের মেয়ে ফাতেমা (১৪), একই ক্যাম্পের ব্লক-এ/১ এর বাসিন্দা অলির মেয়ে দীল নুয়াছ (১৬), ক্যাম্প ১৬ এর ব্লক-এ/১ এর বাসিন্দা নুর আলমের মেয়ে তছমিদা (১৭) এবং ৭নং ক্যাম্পের ব্লক-ডি/৩ এর বাসিন্দা ইসমাঈলের মেয়ে রাজু বেগম (১৬) কে উদ্ধার করে।
উদ্ধারকৃত ভিকটিমদের স্বীকারোক্তিতে মানব পাচারকারী দালাল চক্রের সদস্য ২৬নং শালবাগান ক্যাম্পের ব্লক-ডি/১ এর বাসিন্দা মৃত আমিনের পুত্র মোঃ সালামত উল্লাহ (৪০), মৃত শামসুল আলমের পুত্র নজিমুল্লাহ (২০), সৈয়দ কাসিমের পুত্র ওয়াসিউর রহমান( ৩৫) এবং উমর মিয়ার পুত্র নুর আলম (৩০)কে গ্রেফতার করেন।
১৬এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ হাসান বারী নুর জানান,উদ্ধারকৃত ভিকটিমদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ এবং মানব পাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনী পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। ###
