কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে সিএনজি টেক্সী থেকে পড়ে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি হচ্ছে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার আব্দুস সালাম শফি (৬১)। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, নিহত ব্যক্তি একটি সিএনজি টেক্সীর সামনে বসে অন্য যাত্রীদের সাথে স্থল বন্দর এলাকা হতে টেকনাফে আসছিল। কেরুনতলী এলাকায় আসার পর সে সিএনজি থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সিএনজির সহযাত্রীদের সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির হাতে থাকা জলন্ত সিগারেট পাদানিতে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে সে সড়কে পড়ে যায় এবং ঘটনাস্থলে প্রান হারায়। এসময় সহযাত্রীরা তাকে একই সিএনজি যোগে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এদিকে খবর পেয়ে নিহতের স্ত্রী-সন্তানরা হাসপাতালে ছুটে যান। তারা সিএনজি থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে এমন অভিযোগ আনে একই এলাকার লেড়– নামে এক যুবকের বিরুদ্ধে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ লেড়–কে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখে। লেড়– নামে এই যুবক সহ দুইজন সকালে স্থল বন্দরে গিয়েছিল তাদের প্রাত্যহিক কাজে। তারা উভয়ে মিয়ানমার থেকে পন্য নিয়ে আসা ট্রলারের মাঝি মাল্লাদের জন্য খাদ্য দ্রব্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করে দিয়ে জীবিকা নির্বাহ করতো বলে জানায় তার স্ত্রী জমিলা বেগম। সিএনজি টেক্সীতে আসার পথে তারা দুইজন একই টেক্সীতে ছিল।
এদিকে সিএনজি চালক ও অন্য যাত্রীদের সাথে কথা বলে নিহতের পরিবার জানতে পারে নিছক দূর্ঘটনা বশত এ মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে থানায় কোন অভিযোগ নেই বলে লিখিত দেয় নিহতের স্ত্রী জমিলা।
এঘটনার পর সন্ধায় পুলিশ স্বজনদের লাশ হস্তান্তর করে।
এদিকে জমিলা সাংবাদিকদের জানায় স্বামী নিহত হওয়ার খবর শুনে তাৎক্ষনিক এলাকার এক যুবককে সন্দেহ করলেও পরে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা পেয়ে তার ভুল ভাঙ্গে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, সন্ধায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
