টেকনাফে বিদেশী পি*স্ত*ল*সহ কুখ্যাত রো*হি*ঙ্গা ডাকাত পুতিয়া গ্রেফতার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ কুখ্যাত রোহিঙ্গা জকির ডাকাতের সহযোগী সৈয়দ হোসেন উরুফে পুতিয়া ডাকাতকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

সে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার মোচনী রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-আই এর মৃত আবুল হোসেন উরুফে ধইল্যা হাজীর ছেলে।

তার বিরুদ্ধে বিভিন্ন সময় অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি, মারামারি, গুরুতর জখম, হত্যা ও হত্যা চেষ্টাসহ টেকনাফ থানায় মোট ৭ টি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) বিল্লাল উদ্দীন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, রোববার (২৬ জুন) রাত ১১টার সময় মুছনী রোহিঙ্গা ক্যাম্প থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গেলো বছর র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে কুখ্যাত রোহিঙ্গা জকির ডাকাত নিহতের পর তার পলাতক সহযোগীদের নিয়ে অপহরণ, ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি চালিয়ে আসছিলো ধৃত পুতিয়া। এছাড়াও সীমান্ত পার হয়ে মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ থেকে অস্ত্র সংগ্রহ করে রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে এসব অবৈধ অস্ত্র বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃত আসামীকে জব্দকৃত অস্ত্রসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।