হুমায়ুন রশিদ : আগামী ৯ মার্চ টেকনাফ পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক, প্রয়াত বরেণ্য শিক্ষাবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষা সৈনিক হাজী মোহাম্মদ আব্দুস শুক্কুরের শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সবাইকে যোগদানের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহবান জানানো হচ্ছে।
৯ মার্চ সকাল ১০টায় টেকনাফ পাইলট হাইস্কুল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠান স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রয়াত এই গুণী ব্যক্তির কর্মজীবন ও টেকনাফে শিক্ষার আলো প্রসারে তাঁর অবদান নিয়ে স্মৃতিচারণ করবেন প্রাক্তন ছাত্র,রাজনৈতিক নেতা,পেশাজীবি, মুক্তিযোদ্ধাসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত শোকসভা ও দোয়া মাহফিলকে সফল করতে সবাইকে উপস্থিত থাকার জন্য টেকনাফ পাইলট হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর আমন্ত্রণ জানিয়েছেন।
প্রয়াত মাষ্টার আব্দুস শুক্কুর ১৯৩৯ সালের ১লা আগষ্ঠ জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে পেকুয়া জিএমসি ইনস্টিটিউট হতে মেট্রিকুলেশন, ১৯৫৭ সালে চট্টগ্রাম সরকারী বাণিজ্য কলেজ (এফডিসি), ১৯৬০ সালে একই কলেজ থেকে বি,কম পাস করে শিক্ষকতা জীবনে পদার্পণ করেন। এরই মধ্যে ১৯৬৬-৬৭ সালে কুমিল্লা পিচার্স ট্রেনিং কলেজ থেকে বি,এড সম্পন্ন করেন। এরপর হতে তিনি টেকনাফ জুনিয়র হাইস্কুলে সহকারী প্রধান শিক্ষক হিসেবে ১৯৮০ সাল পর্যন্ত শিক্ষকতার দায়িত্ব পালন করেন। ১৯৮০-৮৪ সাল পর্যন্ত চট্টগ্রাম এমইএস হাইস্কুলে শিক্ষকতা করেন, ১৯৮৪-১৯৯৬ সাল পর্যন্ত উখিয়া হাইস্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, ১৯৯৬-৯৯ সাল পর্যন্ত সাবরাং নয়াপাড়া আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন এবং সর্বশেষ ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত কক্সবাজার এয়ারপোর্ট হাইস্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
মহান শিক্ষকতা জীবন শেষে তিনি বাড়িতে অবসর জীবন-যাপন করে আসছিলেন। গত ৯ জানুয়ারী বার্ধক্যজনিত রোগে আক্রান্ত তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি গর্বিত ৩ ছেলে ও ৪ মেয়ে, জামাই, নাত-নাতনীসহ অসংখ্য আতœীয়-স্বজন গুণগ্রাহী ও শুভাকাংখী রেখে যান।
