টেকনাফে পৃথক অভিযানে আ*ই*স-ই*য়া*বা উদ্ধার ; আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক : সীমান্ত জনপদ টেকনাফে কোস্টগার্ড,বিজিবি ও পুলিশ ফোর্স পৃথক অভিযান চালিয়ে আইস-ইয়াবার চালান জব্দ করেছে। এই ঘটনায় এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়,৭জুলাই রাত প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির আওতাধীন নাফনদীর জইল্যার দ্বীপে অভিযান চালিয়ে ভাসমান ভেলায় কারেন্ট জাল মোড়ানো অবস্থায় ১কেজি ৫৬গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস জব্দ করা হয়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এদিকে একই সময়ে বাংলাদেশ কোস্টগার্ড বিসিজি স্টেশন টেকনাফের একটি দল সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমারের একটি ফিশিং বোটকে ধাওয়া করে। বোটটি ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ২টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দেয়। পরে বস্তা ২টি উদ্ধারের পর তল্লাশী করে ১লক্ষ ৪০হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই রাত আড়াই টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বুলবুল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার ৩ রাস্তার মাথায় অভিযান চালিয়ে ৩হাজার ২শ পিস ইয়াবাসহ স্থানীয় মৃত আব্দুর রহমানের পুত্র নুর মোহাম্মদ (৩৫) কে গ্রেফতার করে।

টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান-ইয়াবাসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###