টেকনাফে নাফনদীতে বিজিপির গু-লি-তে বাংলাদেশী দুই জেলে আহত ; বিজিবির প্রতিবাদ লিপি প্রেরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : বঙ্গোপসাগর হতে মাছ শিকার করে ফেরার সময় টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফনদীতে বিজিপির গুলিতে বাংলাদেশী দুই জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে নিন্দা জানিয়ে ঘটনার ব্যাখ্যা চেয়ে কড়া প্রতিবাদ লিপি প্রেরণ করা হচেছ।

জানা যায়,২১এপ্রিল সকাল ১১টারদিকে বাংলাদেশী কতিপয় জেলে বঙ্গোপসাগরে মৎস্য আহরণ শেষে ইঞ্জিন বোট নিয়ে শাহপরীরদ্বীপ জেটির উদ্দেশ্যে রওয়ানা দেয়। নৌকাটি শাহপরীরদ্বীপ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে প্রায় ৩ কিঃ মিঃ দক্ষিণ-পূর্বদিকে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে মায়ানমারের বিজিপি সদস্যদের বোঝাই একটি জাহাজ যাওয়ার সময় বাংলাদেশী জেলেদের নৌকা লক্ষ্য করে গুলি করলে টেকনাফ শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মোঃ ছিদ্দিকের পুত্র মোঃ ফারুক (২৫) ও উত্তর পাড়ার আলী আহমদের পুত্র মোহাম্মদ ইসমাইল (২০) গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ দুই জেলেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। ফারুকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়।

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ সাংবাদিকদের জানান, সেন্টমার্টিন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের পর শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিল। বাংলাদেশ জলসীমার নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে পৌঁছলে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপির একটি জাহাজ আমাদের অতিক্রম করতে দেখে বাংলাদেশী পতাকা দেখিয়ে গুলি না করতে নিষেধ করা হয়। তা অগ্রাহ্য করে আমার জেলেদের উপর গুলিবর্ষণ করে। এতে ইঞ্জিন বোটে থাকা আমার দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে ফারুকের অবস্থা আশংকাজনক।

এদিকে সীমান্ত আইন লঙ্গন করে মায়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা বাংলাদেশী জেলেদের গুলি করে ২জন আহত ও রক্তাক্ত করার ঘটনায় টেকনাফ ২বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে প্রতিবাদলিপি প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ###