টেকনাফে অপহ্নত শিশু শিক্ষার্থী ২২ দিন পর কুমিল্লার লালমাই থেকে উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকা থেকে অপহ্নত শিশুকে ২২ দিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কুমিল্লার লালমাই এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার করে এই শিশুকে।

এসময় অপহরণে জড়িত পাঁচ জন অপহরনকারী মুক্তিপণের ৪ লাখ টাকা সহ গ্রেফতার করা হয়।  উদ্ধার হওয়া সোয়াদ বিন আব্দুল্লাহ স্হানীয় আবু হুরায়রা মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র। 

আজ রবিবার দুপুরে টেকনাফ থানার হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশের উখিয়া টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল। 

প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ রাসেল জানান গত ৯ মার্চ  টেকনাফের হ্নীলা ইউনিয়নের পুর্ব পানখালী এলাকায় মাদ্রাসা থেকে বাসায় যাওয়ার পথে শিশু সোয়াদকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ বিষয়ে শিশুটির মা নুর জাহান বেগম টেকনাফ থানায় অভিযোগ দেন। এরিই প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করে এবং এই অপহরণে জড়িত সন্দেহে টেকনাফের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রথমে ১২ জনকে আটক করে। তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে শিশু সোয়াদকে অপহরণ করে প্রথমে মহেশখালীর গভীর পাহাড়ে নিয়ে যায়। সেখান থেকে অপহরণকারীরা শিশুর পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শিশুর পরিবার কয়েক কিস্তিতে ৮ লাখ টাকা মুক্তিপণ দেয়। কিন্তু শিশুকে ফেরত না দিয়ে অপহরনকারীরা তাকে কুমিল্লার লালমাই এলাকায় নিয়ে যায়। 

পুলিশের এই কর্মকর্তা আরো জানান জিজ্ঞাসাবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় টেকনাফ থানার পুলিশের একটি টিম গতকাল রাতে কুমিল্লার লালমাই এলাকা থেকে শিশু সোয়াদকে উদ্ধার করতে সক্ষম হয়। 

এ সময়  মুক্তিপণের ৪ লাখ টাকা, অপহরণে ব্যবহৃত সিএনজি ও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।