জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা : ২য় বারের মতো শ্রেষ্ঠ এসআই সদর থানার এসআই আবুল কালাম

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ুন রশিদ : জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কক্সবাজার সদর মডেল থানার এসআই আবুল কালাম ২য় বারের মতো শ্রেষ্ঠ ওসির সম্মাননা অর্জন করেছেন।

২৪ মে সোমবার ১০টায় কক্সবাজার জেলা পুলিশ লাইনের ড্রিলশীডে মাসিক কল্যাণ সভা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন (বিপিএমবার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার ) রেজওয়ান আহমেদ সঞ্চালনায় উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম ( সদর সার্কেল) , অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ আদনান তাইয়্যান ( উখিয়া সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার ( চকরিয়া সার্কেল) কাজী মতিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার শহীদুল ইসলাম (ডিএসবি), সিনিয়র সহকারী পুলিশ সুপার রতন দাশ গুপ্ত ( মহেশখালী সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার বাবুল চন্দ্র বণিক (ট্রাফিক বিভাগ)সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে গত মে মাসে বিভিন্ন থানায় কর্মরত এসআই বৃন্দের পারফরম্যান্স বিবেচনা করে কক্সবাজার সদর মডেল থানার চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদকে শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত করে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়। তিনি জেলায় ২য় বারের মতো শ্রেষ্ঠ এসআইয়ের সম্মাননা অর্জন করলেন। তিনি মাদক দ্রব্য উদ্ধার, গ্রেপ্তারী পরোয়ানা তামিল, চুরি ছিনতাই রোধ, তথ্য প্রযুক্তির সহায়তায় ল্যাপটপ, ক্যামেরা এবং মোবাইল উদ্ধারসহ আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে ব্যাপক ভূমিকা পালন করে আসছিলেন।

তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, পুরস্কার পাওয়া খুবই আনন্দের। প্রতিটি পুরস্কার ভাল কাজে উৎসাহ যোগায়। প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতিকে ত্বরান্বিত করে এবং অনুপ্রেরণা যোগায়। আমার অফিসার্স ইনচার্জ ফরিদ উদ্দীন খন্দকার (পিপিএম বার ) এর আন্তরিক সহযোগিতা এবং সুদক্ষ নির্দেশনায় আমি ২য় বারের মতো শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছি। এই জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞ। প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আগামীতে যে থানায় নিয়োজিত থাকব সাধারণ মানুষের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহায়তা কামনা করেন।

উল্লেখ্য যে, তিনি পূর্বেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, পার্বত্য বান্দরবান জেলায় কর্মরত থাকাকালে চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার লাভ করেন।