চীনে অস্ট্রেলিয়ান সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : কয়েক মাস আটক রাখার পর অস্ট্রেলিয়ান সাংবাদিক চেং লিই- এর বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা বহির্বিশ্বে পাচার করার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছে। আটক করার আগে মিস লেই চীনের রাষ্ট্রীয় মিডিয়া সিজিটিএন টেলিভিশনের উপস্থাপক হিসেবে কাজ করছিলেন। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা বলেছেন, তাকে গত আগস্টে আটক করা হয় এবং আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অস্ট্রেলিয়ার সরকার তাকে আটক করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী মারিজ পাইনে বলেছেন, আমরা আন্তর্জাতিক আইনের অধীনে ন্যায়বিচার প্রত্যাশা করি, তার আইনগত সুস্থতা প্রত্যাশা করি এবং মানবিক আচরণ প্রত্যাশা করি। সাংবাদিক লেই ও তার পরিবারের সদস্যদের জন্য এই কঠিন সময়ে আমাদের সহানুভূতি রয়েছে। উল্লেখ্য গত আগস্টে আকস্মিকভাবে টেলিভিশন থেকে অদৃশ্য হয়ে যান লেই। বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপরে চীন ঘোষণা করে তাকে আটক করা হয়েছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে সেই বিষয়টি তারা নিশ্চিত করেনি। গত ছয় মাসের মধ্যে মিস লেইয়ের সাথে ছয়বার সাক্ষাৎ করতে সমর্থ হয়েছেন অস্ট্রেলিয়ার কূটনীতিকরা। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অস্ট্রেলিয়া এবং চীনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। চীনা বংশোদ্ভূত আরেক অস্ট্রেলিয়ান নাগরিককে ফৌজদারি অপরাধে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে গুপ্তচরবৃত্তির অভিযোগ । তবে অস্ট্রেলিয়া বলেছে, এ অভিযোগ অগ্রহণযোগ্য।