টেকনাফ টুডে ডেস্ক :
চলন্ত বাসে এক নারী যাত্রীকে জোর করে চুমু খাবার ভিডিও ভাইরাল হবার এক সপ্তাহ পর মহারাষ্ট্রের এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
গ্রেফতার বিজেপি নেতা রবীন্দ্র ববনঠাড়ের (৪৮) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে নাগপুরগামী এক বাসের নারী যাত্রীকে জোর করে চুমু দিয়েছেন ববনঠাড়ে। গত ২৭ জুন এ ঘটনা ঘটে।
এ ঘটনার পর ওই নারী যাত্রী পুলিশে লিখিত অভিযোগ করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিওটি ছড়িয়ে পড়লে ববনঠাড়ের শাস্তি দাবি উঠে।
এদিকে ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন দলটির সিনিয়র নেতা ও মন্ত্রী সুধীর মুগহানতিওয়ার। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে কাউকে ছাড় দেয়া হবে না।
