চকরিয়া কোরক বিদ্যাপীঠে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ এর বার্ষিক পুরস্কার বিতরণী ও চকরিয়া-পেকুয়া আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটি ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মো. শিবলী নোমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ জাফর আলম বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাছাড়া ছাত্র-ছাত্রীদের মন ও শরীর ভালো রাখতে ক্রীড়া অনুষ্ঠানের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শারীরিক কুচকাওয়াজ ও ব্যায়াম অত্যাবশ্যকীয়। তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। সেইজন্য চকরিয়া-পেকুয়া উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের ভুমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, সরকার প্রধান শেখ হাসিনার ঘোষনা মোতাবেক চকরিয়া-পেকুয়াকে শিক্ষাখাতের অগ্রগতির মাধ্যমে নিরক্ষরতার অভিশাপমুক্ত করতে চাই। সেইজন্য পরিকল্পিত উন্নয়নে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হবে। শিক্ষার্থীদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা হবে। চকরিয়া কোরক বিদ্যাপীঠ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়টি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরউদ্দিন মুহাম্মদ শিবলী নোমান বলেন- প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদেরকে একটি দক্ষ মানুষ রূপে গড়ে তুলতে পারবে। তিনি বলেন- আমার চোখে দেখা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে চকরিয়া কোরক বিদ্যাপীঠ অন্যতম। এই জন্য চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি এই বিদ্যালয়ের যাবতীয় কাজে সার্বিক সহযোগিতা করে যাবেন বলে ঘোষণা দেন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনচারুল করিম ও এম.রিদুয়ানুল হক’র সঞ্চালনায় অনুষ্টানের সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, আমরা বিদ্যালয়ে নিয়মিত ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলার প্রয়াসে কাজ করে যাচ্ছি নিরন্তন। এ জন্য বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব নুরুল কবির, প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব নুরুল আবচার, আলহাজ্ব সিরাজদৌল­াহ, আলহাজ্ব এবিএম সাকের, সাবেক শিক্ষক আব্দুর রাজ্জাক, দাতা সদস্য- আলহাজ্ব আলা উদ্দিন আজাদ, আলহাজ্ব মোজাম্মেল হক, অভিভাবক সদস্য ও নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, অভিভাবক সদস্য শফিকুল কাদের, শওকত হোসেন, ইসমত আরা বুলু, সাইফুল কাদের সোহেল, শিক্ষক প্রতিনিধি নুরুল ইসলাম, বাবু অলসন বড়ুয়া ও রূপালী রানী দে। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিক, শিক্ষানুরাগী সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।