এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার একটি বদ্ধ খাল থেকে মো. হোসেন রাহাত (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার কোনখালী ইউনিয়নের শুয়োর মরা খালের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের মাথায় দা’য়ের কোপে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত হোসেন রাহাত কোনাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে।
নিহতের পরিবার সদস্যরা জানায়, আগেরদিন মঙ্গলবার রাতে স্থানীয় শুয়োরমরা খালে মাছ ধরা নিয়ে একই এলাকার ছৈয়দ হোসেনের ছেলে বোরহান উদ্দিনের সাথে বাকবিতন্ডা হয় রাহাতের। এর জের ধরে রাহাতকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বদ্ধ খালের কচুরিপানার ভিতরে লুকিয়ে রাখে।
নিহত রাহাতের বাবা আলী হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে রাহাত মাছ ধরতে গিয়ে ঘরে না ফেরায় রাতে খোঁজ নিতে গিয়ে স্টেশন এলাকায় গেলে ঘাতক বোরহান উদ্দিন জানায়, মাছ ধরা নিয়ে রাহাতের সাথে বাকবিতন্ডা হয়েছে। আমি তাকে থাপ্পড় মেরেছি। পরে অনেক খোঁজাখুঁজি করে খালের কচুরিপানার ভেতর থেকে রাহাতের লাশ লুকানো অবস্থায় পাওয়া যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন , খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, শুয়োর মরা খালে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে পানিতে ডুবে মারা যায় রাহাত। পরে বোরহান উদ্দিন পালিয়ে যায়। নিহত রাহাত অভিযুক্ত বোরহান উদ্দিনের তালতভাই।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। মাথার উপরিভাগে একটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ##
