এম জিয়াবুল হক : চকরিয়ায় এসআইসহ তিন পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করেছে একদল দূর্বৃত্ত। এসময় পুলিশের অস্ত্রও কেড়ে নেয়া হয়। মঙ্গলবার রাত ১২টার সময় উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা হাফালিয়াকাটা এলাকায় এ হামলার ঘটনাটি ঘটেছে।
আহত তিন পুলিশ সদস্য হলেন, হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামিম আল মামুন (৩৫), কনস্টেবল তরিকুল ইসলাম (২৬) ও কনস্টেবল মো. মামুন (২৮)।
এ হামলার ঘটনায় বুধবার ভোররাত পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
থানা পুলিশ জানায়, চকরিয়া থানার আওতাধীন উপজেলার হারবাং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামিম আল মামুনের নেতৃত্বে তিন পুলিশ সদস্য মঙ্গলবার রাতে নিয়মিত টহল দিতে সিএনজি অটোরিকশা যোগে বের হয়ে বরইতলী- মগনামা সড়কের দিকে যায়। এসময় সড়কের হাফালিয়াকাটা এলাকায় পৌছলে ওই এলাকার রশিদ আহমদের ছেলে মো. রাকিব (২০) নামে এক যুবককে ছুরি হাতে দেখতে পায়। পুলিশ গাড়ি থামিয়ে ওই যুবককে ছুরি হাতে সড়কে কি করছ এমন কথা জিজ্ঞেস করার পর সে দৌঁড়ে বাড়িতে চলে যায়।
এসময় পুলিশও তার পেছনে দৌঁড়াতে থাকে। এক পর্যায়ে রাকিব চিৎকার করে বলতে থাকে তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে বাড়ির লোকজন দা-ছুরি- লোহার রড় নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এসময় পুলিশের শর্টগানও কেড়ে নেন তারা। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কর হয়েছে। আহতদের মধ্যে মামুন নামে এক পুলিশ সদস্যের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশের উপর হামলার ঘটনার খবর পেয়ে ঘটনার রাতে সেখানে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে খোয়া যাওয়া অস্ত্রও উদ্ধার হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫জনকে গ্রেফতার করা হয়েছে। এব্যাপারে মামলা রুজু করা হচ্ছে। ##
