: জামায়াতের সাবেক আমির গোলাম আযমের দেহরক্ষী আকতার হামিদের ছোট ভাই শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ শাহজাহানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী চিংড়ি প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় ১০টি আগ্নেয়াস্ত্র ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ যুগান্তরকে জানান, গোয়েন্দা সূত্রে খবর আসে উপকূলীয় শীর্ষ সন্ত্রাসীদের একটি বড় দল মহেশখালীর চিংড়ি প্রজেক্ট এলাকায় লুটপাটের উদ্দেশ্যে একটি আস্তানায় অবস্থান করছে।
এর ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ওই আস্তানায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ।
পরে তাকে নিয়ে ফের অভিযানে নামে পুলিশ। এ সময় সন্ত্রাসীদের ওই আস্তানা থেকে ১০টি বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি প্রদীপ কুমার বলেন, শাহজাহান পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তিনি স্থানীয় আব্দুল মাবুদ চেয়ারম্যানের ছেলে ও প্রয়াত জামায়াত নেতা গোলাম আযমের দেহরক্ষী আকতার হামিদের ছোট ভাই।
তিনি আরও বলেন, শাহজাহান চিংড়ি প্রজেক্ট এলাকায় একটি কুখ্যাত সন্ত্রাসী বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে একডজনেরও বেশি মামলা রয়েছে।
