খালেদার মুক্তির জন্য অনশন করবে বিএনপি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার ঢাকায় ‘গণঅনশনের’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

ওই দিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই কর্মসূচির অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।

অনশনের আগে বুধবার নেত্রীর রোগ মুক্তি কামনায় সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচিও দিয়েছে তারা।

মিলাদ মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে দলের অসুস্থ চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আপনারা দেখেছেন যখন আমাদের প্রিয় নেত্রীকে গতকাল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি ভালোভাবে দাঁড়াতে পারেননি। তাকে হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেও তিনি স্বস্তিতে ছিলেন না।

“আজকের এই মিলাদ মাহফিলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, সৃষ্টিকর্তা যেন দ্রুত উনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসী যেন প্রাণভরে পরম করুণাময় আল্লাহর কাছে নেত্রীর আশু রোগমুক্তির জন্য দোয়া করেন।”

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের দাবি পুনর্ব্যক্ত করে ফখরুল বলেন, “আমরা স্থায়ী কমিটির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম এবং আমরা চেয়েছি, তার ইচ্ছা অনুযায়ী একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিসা দেওয়া হোক। কিন্তু সরকার আমাদের সেই কথায় কর্ণপাত করেনি। তাকে আবারও ওই হাসপাতালে নিয়ে আসা হয়েছে।”

দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে এক বছরের বেশি কারাবন্দি খালেদাকে চিকিৎসার জন্য সোমবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী ঠিক মতো খেতে পারছেন না। তাকে কারাগারে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। এটা আজকে প্রমাণিত হয়ে গেছে যে, তিনি অত্যন্ত অসুস্থ। তার যে রক্ত পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গেছে যে, প্রতিটি পরীক্ষার ফল তার স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ।”

খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের প্রস্তুতি নেওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।