বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যংয়ের খারাংখালী সীমান্ত হতে সাতাঁর কেটে ইয়াবার চালান আনার সময় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ১লাখ ৪০হাজার ইয়াবার চালান জব্দ করেছে। স্থানীয় এক মাদকের চালান খালাসকারীর মদদে নয়াবাজার-খারাংখালীর মাদক কারবারী সিন্ডিকেটকে এখনো থামানো যাচ্ছেনা।
সুত্র জানায়, গত ২৯ আগষ্ট রাত ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের খারাংখালী বিওপির বিশেষ টহল দল মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদের ভিত্তিতে বিআরএম-১৫-এ অবস্থান নেয়। কিছুক্ষণ পর উক্ত স্থানের ১শ গজ উত্তর দিক হতে সাতাঁর কেটে ২টি বস্তা নিয়ে লোকজন আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন মাদক পাচারকারীরা বস্তা ২টি ফেলে সরু নাফনদী সাতঁরিয়ে মিয়ানমারে চলে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল তল্লাশী করে ২টি বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১লাখ ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, মিডিয়া কর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।
উল্লেখ্য, স্থানীয় সুত্র জানায় পূর্ব মহেশখালীয়া পাড়ার জালাল আহমদের পুত্র হেলাল উদ্দিন এসব ইয়াবা চালান খালাসে এতই পটু যে, নিজে নাফনদী সাতাঁর কেটে গিয়ে এসব মাদকের চালান নিয়ে আসছে। বিজিবির হাতে আটক মাদকের চালানটি নয়াবাজার-মিনাবাজারের শক্তিশালী যৌথ সিন্ডিকেটের বলে দাবী করেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত স্বাপেক্ষে এখনো মাদক অপতৎপরতায় লিপ্তদের কঠোর হাতে দমনের দাবী উঠেছে। ###
