টেকনাফ টুডে ডেস্ক : জাতীয় খেলা কাবাডির সঙ্গে যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নির্বাচিত সদস্য হিসেবে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হতে যাচ্ছেন তিনি।
এত দিন কাবাডি পরিচালনা করা হচ্ছিল অনির্বাচিত কমিটি দিয়ে। অবশেষে ৯ বছর পর আবারো কাবাডি ফেডারেশনের নির্বাচন ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ।
২৪ মার্চ হওয়ার কথা ছিল কাবাডি ফেডারেশনের সেই নির্বাচন। কিন্তু কার্যনির্বাহী কমিটির কোনো পদেই একাধিক নাম জমা না পড়ায় নির্বাচনের কোনো প্রয়োজনই পড়েনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার অপেক্ষায় সবাই।
২৫ সদস্যের কমিটিতে সভাপতি সরকার মনোনীত। নির্বাচন হয় ২৪ পদে। ১১ মার্চ ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। ওই দিন ২৪ পদের বিপরীতে ২৪টি মনোনয়নপত্র জমা পড়েছে। ১৪ মার্চ মনোনয়নপত্র বাছাইয়ে টিকে গেছেন সবাই।
এখন ২১ মার্চ কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সবার নামই থাকবে চূড়ান্ত প্রার্থী তালিকায়।
নির্বাচনে অংশ নিতে হলে ভোটার (কাউন্সিলর) হওয়া বাধ্যতামূলক। অপু বিশ্বাস ভোটার নন। তবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত পাঁচ কাউন্সিলরের একজন হিসেবেই প্রার্থী হয়েছেন তিনি।
কাবাডির ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী। এ কমিটির সাধারণ সম্পাদক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান।
অপু বিশ্বাসকে কাবাডির কমিটিতে নেওয়ার ব্যাপারে ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ সংবাদমাধ্যমকে বলেন, ‘বিভিন্ন সময়ে আমরা কাবাডির প্রচারণার জন্য অনেক নায়ক-নায়িকাকে খেলা উদ্বোধন করতে এনেছি। এর মধ্যে অপু বিশ্বাসের কথাবার্তা ও ব্যবহার আমাদের ভালো লেগেছে। উনি কাবাডির শুভেচ্ছাদূত হিসেবে সারা দেশে কাজ করবেন।’
তিনি জানান, কাবাডিকে আরো জনপ্রিয় করতে অপু বিশ্বাসের তারকাখ্যাতিকে কাজে লাগাতে চায় ফেডারেশন।
