কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের এমএসএফ আইসোলেশন সেন্টারে ৩০ মে চিকিৎসাধীন অবস্থায় এই রোহিঙ্গা বৃদ্ধের মৃত্যু হয়। মারা যাওয়া রোহিঙ্গা কুতুপালং রেজিষ্ট্রার্ড শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। আজ মিডিয়াকে এই মৃত্যুর তথ্য জানানো হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী করোনায় মারা যাওয়া রোহিঙ্গার নাম মিডিয়ায় প্রকাশ করেনি সরকারি এবং আন্তর্জাতিক সংস্থা গুলো।
এই প্রথম কোন রোহিঙ্গা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা এম আর এইচ ভূঁইয়া।
তিনি জানান, ইতোমধ্যে (১ জুন পর্যন্ত) ২৯ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বেশ কয়েকটি ক্যাম্পের ও বিভিন্ন বয়সের রয়েছে। তাদেরকে ক্যাম্পের আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধ মারা যান।
তিনি আরো জানান, একজন আক্রান্ত ব্যক্তির কন্টাক্ট ট্রেসিং করতে গিয়ে কয়েকদিন আগে এই বৃদ্ধকে শনাক্ত করা হয়। শনিবার (৩০ মে) কুতুপালং এমএসএফ মেডিকেল সেন্টারে তার নমুনা সংগ্রহ করে আইসোলেশনে নেয়া হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। রোববার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
তবে স্বাস্থ্য বিধি মেনেই তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
