কক্সবাজার প্রতিনিধি।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। সাথে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীসহ পরিবারের ৫ সদস্য। শনিবার (৩০ মে) কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান ও করোনাভাইরাস টেষ্টের ফলাফল প্রকাশ সংক্রান্ত কমিটির সদস্য সচিব ডাঃ রুপেশ পাল।
তিনি জানান-গত ২৮ মে রাতে মেয়র মুজিবুর রহমান ও তার স্ত্রী করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন আর ৩০ মে তাদের রির্পোট পজেটিভ এসেছে। মেয়র মুজিবুর রহমানের ব্যক্তিগত প্রেস সচিব আহসান সুমন জানান-মেয়র মহোদয় পুরোপুরি সুস্থ আছেন। তাঁর করোনার কোন লক্ষণ নেই। তিনি আরো জানান-মেয়র মুজিব ও তার স্ত্রীসহ জেঠাত ভাই এবং জেঠাত ভাইয়ের স্ত্রীও করোনা আক্রান্ত। এদিকে মেয়র মুজিবুর রহমান তার সুস্থতার জন্য পৌরবাসিসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য-করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে পৌরবাসির মাঝে ত্রাণ নিয়ে স্বশরীরে ছুটে যান মেয়র মুজিবুর রহমান।
এর আগে শুক্রবার করোনা আক্রান্ত হন কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন সেতু ও দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান।
এদিকে শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নতুন করে ২৩ জনের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট আসে। ফলে কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৪১ জন এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১৪২ জন। মারা গেছেন ১১ জন।
অপর দিকে করোনা উপসর্গ নিয়ে কক্সবাজারে এক নারী সহ দুই জন মারা গেছে। আজ শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে চকরিয়া উপজেলার দিগরপানখালী গ্রামের আনোয়ারা বেগম (৬৫)জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। আনোয়ারা বেগম ঐ গ্রামের বদিউল আলমের স্ত্রী। এ ছাড়া চকরিয়া পৌর এলাকার কাজিপাড়ার বাসিন্দা নুরুল হোসেন সওদাগর (৭০)শুক্রবার গভীর রাতে ডুলহাজারা খৃষ্টান হাসপাতালে মারা যান। করোনা উপসর্গ নিয়ে শুক্রবার তাকে ঐ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দু জনেরই করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
