হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা কক্সবাজার কলাতলী গ্রীণ লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে ৩০হাজার ইয়াবাসহ মাদক কারবারী বরখাস্তকৃত বিজিবি সদস্যকে গ্রেফতার করেছে। এসময় আরো দুই মাদক কারবারী পালিয়ে যায়।
সুত্র জানায়, ১৬জুন রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র্যাব-১৫ (সিপিএসসি) এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার কলাতলী ওয়াল্ড বিচ রিসোর্টের পাশে গ্রীন লাইন পরিবহন কাউন্টারের ভেতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানের খবর পেয়ে অভিযানে যায়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে নীলফামারী জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই বুড়ির ডাঙ্গা গ্রামের মৃত বাবুল আকতার ওরফে আকতার আলীর পুত্র মোঃ আশরাফুল বারী বাঁধন (২৭) কে গ্রেফতার করে। এসময় আরো ২জন অজ্ঞাতনামা মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা সেনাবাহিনীর পরিহিত পোশাকের কালারের ব্যাগ তল্লাশী করে তার হেফাজত হতে ৩০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ আশরাফুল বারী বাঁধন একজন চাকুরীচ্যুত বিজিবি সদস্য। সে দীর্ঘদিন যাবত বিজিবির সদস্য পরিচয় দিয়ে অজ্ঞতানামা আসামীদের পরস্পর যোগ-সাজসে নকল সিসি তৈরী করিয়া বিজিবির সদস্য পরিচয় দিয়ে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তি ও পলাতক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর কক্সবাজার সদর মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
