ইউপি নির্বাচন : মাগুরায় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে সহোদরসহ নিহত-৪জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মাগুরা সদর উপজেলার জগদল গ্রামে ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় একই পরিবারে আপন দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে জগদল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দুই মেম্বর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই একপর্যায়ে শুক্রবার বিকালে নজরুল সমর্থকরা প্রতিপক্ষ সৈয়দ হাসানের সমর্থকদের ওপর অতর্কিত হামলা করে।

এ সময় হামলাকারীরা রহমান মোল্যা (৫৪), সবুর মোল্যা (৫২), কবির মোল্যাকে (৫০) কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে সৈয়দ হাসানের সমর্থকরা নজরুল গ্রুপের ইমরান হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করে বলে তার স্বজনরা অভিযোগ করে। এ সময় দু’পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর জখম অবস্থায় ছয়জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থতি নিয়ন্ত্রণে আছে বর্তমানে। লাশ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো আটক নেই। তদন্ত চলছে, মামলা করা হবে।